▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
সমাজনীতি
প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক
বাংলাফরএভার ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১১ পিএম 
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তাঁকে খোঁচা দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও বাকি ৫ শতাংশে ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইশরাক।

পোস্টে তিনি লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোপুরি শুনলে বোঝা যেত, তাঁর কথার ৯৫ শতাংশই সঠিক ছিল। জনগণের করের টাকায় নির্মিত কাজের গুণগত মান নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ। তবে তিনি ৫ শতাংশ ভুল করেছেন।

ইশরাক আরও লেখেন, উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। এটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বিষয় সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কোনো ঠিকাদার কাজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষের পর্যায়ে পড়ে না।

প্রতিমন্ত্রীর এ বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হলে বুধবার নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করাকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে দাবি করেন মীর শাহে আলম।


সমাজনীতি - বিভাগের আরো খবর
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত