একগুচ্ছ কবিতা । ফাউজুল কবিরঘুমের ম্যাজিক
প্রশান্ত ঘুমের ভেতর কাটিয়ে দিলাম একাকী নিমগ্ন পৃথিবী
একটি সম্পূর্ণ বছর
বন্ধুরা জানত না আমারও ছিল না জানা কোনো দিন
সম্ভ্রান্ত ঘুমের চোখ আছে বুক আছে মন আছে
অন্তর্লীন ঘুম প্রভূত শস্যের চাষও আবাদ করে
ঘুমমন্ত্রে হাঁটে লাল গালিচায়
গোলাঘরে রাখে কৃষক সঞ্চয় সোনালি রুপালি জীবন স্থাপত্য
প্রকৃত কৃষক নিশ্চিন্তে ঘুমাতে জানে মধুময় স্বপ্ন ঘুম
প্রকৃত কবির মতো কৃষকের মানসজগতে খেলাকরে
প্রত্যহ অদ্ভুত সুন্দরের নীল স্নান করে শুদ্ধ বাউলের রং
ফুল ফোটে মধু জাগে খেতে খেতে মৌমাছির আনন্দ গজল
মৌমাছিরা বড়ো কবি যে জানে সে চেনে শিল্পের সংসার
মৌমাছিকে ডেকো বলো বন্ধু প্রাণাধিক আত্মীয় আমার
আত্মার ভেতরে ঘুমাতে শেখাও রাজপুত্র-রাজকন্যা ঘুম
মেধাবী মানুষ শিখুক ঘুমের ম্যাজিক রসালো স্বপ্নের ভূগোল।
প্রতিটি পাতার চোখে
প্রতিটি পাতার চোখ থেকে ঝরে পড়ে অশ্রু
জীবনের ছায়া মাড়িয়ে জীবন পথে হাঁটে
আসলে এসব কান্নার অধিক স্মৃতিশিল্প
এ কেমন দিন? কেমন সংসার? মন কাঁদে
মানুষ মরেছে? জীবন মরেছে? জ্বলছে বন
আকাশের কান্না শুনি সমুদ্রের জলে জলে
সমুদ্রের ঢেউ মাছের দুঃখের কথা বলে
নক্ষত্রের বনে দস্যুর কুঠার শব্দ তোলে
মানুষের বুকে মানুষ নিয়ত অগ্নি জ্বালে
প্রতিটি পাতার চোখ থেকে ঝরে পড়ে অশ্রু
ক্রন্দন সময় ডাকে কাছ থেকে চলো কাঁদি
বৃক্ষরা ক্রন্দন চেনে শিশির বুকের ব্যথা
আকাশের চাঁদ জানে মানুষেরা মিথ্যাবাদী।
সোনার কবিরা
জীবন পেয়েছে খাঁচার সুন্দর—আনন্দই নাচে
আনন্দ কেমন? জানে না আনন্দ পাতা ধরে গাছে
বিভূতি দেখাবে বলে আমাকেই যারা নিলো বনে
গিয়ে দেখি বন নাই—বনবাসী কাঁদে জনে জনে
পাখিদের ডানা আছে পাখা নাই বৃক্ষ বসে কাঁদে
ঈশ্বর পড়েছে ধরা প্রাণ যায় নিষাদের ফাঁদে
জীবন কাঁদিয়া মরে জীবনের নিত্যানন্দ ঘরে
হাওয়ারা সুখেই আছে বোঝা যায় হাওয়াদের স্বরে
আমার যে ধন বুকে ধরে রাখি তার মূল্য নাই
জেনেছি অমূল্য শিল্প—যত খুঁজি ততই হারাই
আমাকে শেখাবে জোনাকি পোকারা আলোর সৃজন
নীরবে কুড়াই ঘাস—ঝরা পাতা নাচে বিজন
কে খোঁজে আমাকে? বলে দাও তাদেরে দেখা দেখি বন্ধ
সোনার কবিরা কাদম্বরী পানে হয়েছে কবন্ধ।
বৃক্ষের শিকড় জানে
প্রত্যেক শৃঙ্খলে যদি পারো তুমি ঢুকে পড়ো একা
একথা ভেবো না বেরুবার পথ বন্ধ হয়ে আছে
সমস্ত বন্ধনে গোপন সড়কে আছে মুক্তি-পথ
যারা বলে মুক্তি নাই যুক্তি-পথ খোঁজে আগে ভাগে
তাদের সংসার আছে সূক্তি নাই রাগে ও বিরাগে
বুদ্ধিমান ভাবে বোকাদের ঘরে চিন্তা টিন্তা নাই
রাস্তার দুপাশে যে সকল বৃক্ষ তৈরি করে বাড়ি
তারা কিন্তু বন্দি নয় রাতে চড়ে নক্ষত্রের গাড়ি
বৃক্ষের শিকড় জানে বন্ধনের স্বপ্নে আছে ঘুড়ি
পর্বতেরা জানে বর্ষাকাল এলে জেগে ওঠে নুড়ি
সমুদ্র ভাবে না জল তার একা শুধু ঢেউ তোলে
সে জানে আকাশ জলের তরঙ্গে এক্কাদোক্কা খেলে
প্রাচীন মানুষ জেনেছিল সত্য রাত্রি নয় অন্ধ
যে শেখে নৃত্যের মুদ্রা সে-ই জানে শরীরের ছন্দ।
ভেসে যেতে থাকো
ভেসে যেতে থাকো, যত দূর পারো ভেসে ভেসে যাও
মাথার পেছনে দুটি হাত রেখে বলো আমি যাই
সমস্ত মহৎ মানুষ হাওয়ায় তৈরি করে ঘর
কারণ ঈশ্বর নাকি দিয়েছিল সোনা-দানা-বর
বাতাসে আসর যে করে নির্মাণ তার নাই ভয়
খাও-দাও ফুর্তি যদি পারো করো মনেরে মেরো না
তোমার শরীর তোমারই আছে দেহ মূল্যবান
যে বলে অন্যথা গোপনে জিজ্ঞাসো রহস্য কোথায়
অন্ধকার বলে দেবে বেশরম কে যায়! কে যায়!
মাথার পেছনে দুটি হাত রেখে বলো আমি যাই
চুপ করে বসে থাকো কানে শোনো সাড়া শব্দ নাই
মাথার পেছনে দুটি হাত রেখে বলো আমি যাই
আমার গুরুর বিদ্যাবুদ্ধি আছে বলে সাঁই নাই
বুকের ভেতরে খুঁজে মনে প্রাণে ঠিকানা না পাই।