▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
শিল্প ও সাহিত্য
চট্টগ্রামে পাঁচ দিনের বইমেলা শুরু, প্রথম দিনেই পাঠক-ক্রেতাদের উপস্থিতি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৫ এএম  আপডেট: ১১.১১.২০২৬ ১:৪৬ এএম
ছবি : চট্টগ্রাম প্রতিনিধি
বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নগরের এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বইমেলা। মেলায় চট্টগ্রামের খ্যাতনামা ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। প্রথম দিন থেকেই বিভিন্ন স্টলে পাঠক ও বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মঙ্গলবার বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সহসভাপতি ও প্রকাশক রেহানা চৌধুরী, সহসভাপতি ও শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, অধ্যাপক ড. সৌরভ সাখাওয়াত, ছড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি রুহু রুহেল, অনুবাদক ফারজানা রহমান শিমু, কবি লিপি বড়ুয়া, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, কবি বিদ্যুৎ কুমার দাস, কবি ও গবেষক আলী প্রয়াস, প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম, কবি আলমগীর হোসাইন, আবৃত্তিশিল্পী সিমলা চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, প্রকাশক আনিস সুজন, আলমগীরী ইমন, ছড়াকার গোফরান উদ্দীন টিটু, জিতেন্দ্র লাল বড়ুয়া, প্রকাশক নাফিস সাদেকিন, কবি মইন ফারুক, তসলিম খা ও মুক্তার হোসাইনসহ বিশিষ্টজনেরা।

মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর মধ্যে রয়েছে স্বাধীন প্রকাশন, শৈলী প্রকাশন, রানা প্রকাশনী, শব্দশিল্প, চন্দ্রবিন্দু প্রকাশন, গাজী প্রকাশনী, রাদিয়া প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষরবৃত্ত প্রকাশন, ঝিলমিল, চন্দ্রবিন্দু, চর্চাগ্রন্থ প্রকাশ, সালফি পাবলিকেশন্স, সাহিত্য বিচিত্রা, প্রজ্ঞালোক প্রকাশনী এবং বাংলাদেশ বুক কো-অপারেটিভ সোসাইটি। এসব প্রকাশনীর স্টলে বিভিন্ন ধরনের বই নিয়ে আগ্রহ দেখাচ্ছেন পাঠক ও ক্রেতারা।

আয়োজকেরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। তবে শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বই কেনাবেচার পাশাপাশি মেলাকে ঘিরে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। প্রতিদিন মুক্তমঞ্চে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন কাশফি আচার্য। সংগীত পরিবেশন করেন জাহানারা রহমান, সোহেল, সিমলা চৌধুরী, জুয়েল, রূপ ও রনীসহ অন্য শিল্পীরা।


আলী প্রয়াস




প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত