▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
শিল্প ও সাহিত্য
গুচ্ছ কবিতা । ফরিদুজ্জামান
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২১ এএম 
গুচ্ছ কবিতা । ফরিদুজ্জামান
কবিতায় বসবাস

প্রাণভোমরার কবিতায় বসবাস
তাকে ত্যাগ করা দুরূহ অসম্ভব।
অস্তিত্বের ভেতরে রক্তবীজ
ছিন্নের দাগে ফিরে আসে দশগুণ।
সৃষ্টির তোড়ে কবিতা উত্তরণ
প্রতিবাদ চির উর্বরতার ভূমি।
প্রেমের জমিনে স্বাবলীল বিচরণ
রগে রগে হাঁটে বিদ্রোহী বিপ্লব।
বাণীসত্যের মহত্তমের বোধ
শিল্পসত্যে মনগ্রাহীর তাজ।
কবিতা ক্বচিৎ বুদ্ধি তাড়িত হয়
মোচড়াতে পটু হৃদয়ের মাঝখান।
কবিতাতো নয় শব্দের কঙ্কাল
হৃদয়ানুভবে বাহিত শিল্পস্রোত।


আগামী কবিতা

ভবিষ্যতে এ বাংলা কবিতা ভিন্ন মাত্রা পাবে
আগামী কবিতা রূপান্তরে সে আপনাকে বদলাবে।
কবিতা আসবে চলচ্চিত্রের কলা-মুখোশের ঢঙে
আগামী কবিতা আলোকচিত্রে কার্টুনে তেলরঙে।
ক্যাসেটে কণ্ঠে, ক্যানভাসে তার কার্ডে উপস্থিতি
আগামী কবিতা সোশ্যাল মিডিয়া-প্রকাশ্য পরিমিতি।
আগামী কবিতা ছোট্ট বাক্যে, ঋজু বাণী শক্তিতে
আগামী কবিতা ধনুকের ছিলা সকলের ভক্তিতে।
রামধনুকের বিচ্ছুরণের সাতরঙা জলরঙ
আগামী কবিতা লজ্জাবতির গুটানো জবরজং।
আগামী কবিতা সোনালু ফুলের হলুদিয়া তেজ তার
পলাশ শিমুল গোলাপের তলে কার্পেট উপহার।
আগামী কবিতা হিজল তলার সৌম্যকান্ত বেশ
আগামী কবিতা প্রতিবাদীস্বর ভবিষ্যতের রেস।
কবিতা আসবে স্বৈরাচারকে হটানোর তেজ হয়ে
আগামী কবিতা সেরা হাতিয়ার গোলার বারুদ বয়ে।


নিখাদ কবিতা

দুরন্ত কৈশোর ঝোলে হাতে গড়া বাগানের ঝাড়ে
সবুজ গালিচা মাঠ ধরে রাখে খুনসুটি কাল
মুখর শৈশব বাজে ফড়িং ওড়া ছন্দবদ্ধ তাল
কুমার পাড়ের ক্ষেতে ঢেউ ঢেউ সুখসঙ্গ বাড়ে।
কুশরের মিঠারস ফুল পাখি নিসর্গের জল
অমর কবিতা নিয়ে চলে যায় পৃথিবীর জাদুর সাম্পান
আনন্দের স্নাননদী সারাক্ষণ করে কলতান
কারখানার সাধ্য নেই তার মত ফলায় ফসল।
প্রেম আশা দ্রোহ ঘৃণা ফুটে ওঠে কলমের নিবে
যন্ত্রণার কথকতা মধুস্বরে ফুটে ওঠে জিভে।
নীলকণ্ঠ হয়ে কবি ভালোবাসে নিসর্গের নীল
পৃথিবীর সব দুঃখ তুড়ি মেরে করে কবি তিল।
অন্তর বাজিয়ে তবে প্রাণে প্রাণে তোলে অনুনাদ
জাদুর সাম্পানে করে কবি গড়ে কবিতা নিখাদ।


গণমানবের মিতা

নিসর্গগান জমলে কাননে নিভৃতে কবি আকাশের দিকে চেয়ে
চিকচিক চোখে আনন্দ বাণ ডেকে যায় প্রাণে নতুন ছন্দ পেয়ে।
অমর কবিতা সৃষ্টি তত্ত্বে কবিতার দেহে সম্পাদকের কাঁচি
দেহ ও প্রাণের সম্মিলনেই চরণে চরণে রূপবাণী থাকে বাঁচি।
মন্দির হতে ফুল চুরি করে চির অধরার দেবীকে পূজিছি আমি
খুশি লজ্জায় যুগপৎ জেগে শিহরণ বিভা সাত রঙে রেঙে ঘামি।
তবু তুমি বল অগভীর ভাব বালখিল্যেরে না করেই মাফ ইতি
আকুতির সুর মননের রেণু স্পন্দনেই জমেছে অরূপ ভীতি।
কুহককেতকী ফুটে আছে বনে বর্ষা কদম ভেজে আনমনে ধুম
পঙ্‌ক্তির রেশে বৃষ্টির শেষে রামধনু আঁকে আকাশের গায়ে চুম।
ক্ষণে ক্ষণে জাগে খুনসুটি রাগ প্রেম অভিমান ভীষণ উল্লম্ফন
পদ্ম পাতার টলমল জল নিমিষ মাত্র বাড়তি আয়ুতে জল করি সিঞ্চন।
এসব ধ্রুপদ শিল্পিত প্রাণ প্রকরণে আনে এ হৃদয়ের গ্রহীতা
জঞ্জাল ঠেলে প্রাঞ্জল হলে কবি হয়ে যান গণমানবের মিতা।


প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত