মায়ের জন্য দুটি কবিতা । রহীম শাহ সামনে আছেন মা
সামনে যখন অন্ধকারের দেয়াল ওঠে
যায় না দেখো জোনাকিরও নাচানাচি
আলোর পিদিম জ্বালিয়ে তখন মা-ই বলেন,
‘ভয় কী রে বাপ, আমি যে তোর কাছাকাছি’।
যখন হাজার দত্যি এসে নাচতে থাকে
হিম হয়ে যায় বুকটা—যেন জীবন সারা,
মা-ই তখন সাহস দিয়ে বলেন, ‘খাকা,
আমি আছি, বুক বেঁধে তুই সামনে দাঁড়া।
পাহাড় সমান ঢেউ আসে যেই মাঝ-সাগরে
একলা একা যুদ্ধ করি খেই হারিয়ে,
বির্ভাবনার মা যে তখন আকাশ থেকে
খোকাকে তার রক্ষা করেন হাত বাড়িয়ে।
যুদ্ধ মাঠে যখন আমি পাই না দিশা
শত্রুগুলো এসে পড়ে কাছাকাছি,
মা যে আমার ঢাল হয়ে যায় সামনে এসে;
বলেন, ‘খোকা, করিস নে ভয়, আমি আছি।’
দুঃখ-জয়ে মা আমাকে স্বপ্ন দেখান,
এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান কাড়ি কাড়ি;
ইচ্ছে হলেই এখন আমি আকাশ থেকে
সূর্য-তারা-চাঁদ ছিনিয়ে আনতে পারি।
আমার বুকে আমার মা
নীল আকাশের হাজার তারায়
আমার দুচোখ নিত্য হারায়
এসব তারার মাঝে আমার
মাকে খুঁজি রোজ।
নীল সাগরের ঢেউয়ের মাঝে
সকাল দুপুর বিকেল সাঁঝে
তাই প্রতিদিন তাই প্রতিরাত
মাকে খুঁজি রোজ।
প্রজাপতির রঙিন ডানায়
আমার দুচোখ দিচ্ছে হানা
হাজার ফুলের পাপড়ি ছুঁয়ে
মাকে খুঁজি রোজ।
পাখির ঠোঁটের সুরে সুরে
আমিও যাই অনেক দূরে
হোক বনে আর হোক পাহাড়ে
মাকে খুঁজি রোজ।
কিন্তু আমি পাই না মাকে
মা যে আমার লুকিয়ে থাকে
শেষে আমার নিজের মনে
জানালা খুলে দিলাম,
সাথে সাথে মা ডেকে কন্,
‘কেন খুঁজিস তুই সারাক্ষণ-
আমি যে তোর বুকে আছি
তোর বুকেতেই ছিলাম।’