▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
ফিচার
এশিয়ার ছোট্ট ব্রুনেইয়ে পাঁচ শতাধিক প্রজাতির বেশি পাখির বসবাস
ফিচার ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:০৩ এএম 
এশিয়ার ছোট্ট ব্রুনেইয়ে পাঁচ শতাধিক প্রজাতির বেশি পাখির বসবাস
আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ এশিয়ার দেশ ব্রুনেই দারুসসালাম। ‘শান্তির আবাস’ নামে পরিচিত দেশটির জনসংখ্যা পাঁচ লাখেরও কম। দেশটির প্রায় ৭০ শতাংশ এলাকাজুড়ে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি। এখানে ৫০০টির বেশি প্রজাতির পাখি, ১৭০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং ৮০ প্রজাতির উভচর প্রাণীর বসবাস।

ব্রুনেই ভ্রমণ শুরু করা যায় রাজধানী বন্দর সেরি বেগাওয়ান থেকে। শহরের অন্যতম আকর্ষণ ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। সোনালি গম্বুজ ও মার্বেলের স্তম্ভে নির্মিত মসজিদটি দেশটির স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। এ ছাড়া রয়েছে বালাই খাজানাহ ইসলাম সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। ইসলামি জ্ঞান ও ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণার জন্য প্রতিষ্ঠিত এ সংগ্রহশালায় রয়েছে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি, ইসলামি নিদর্শন, জ্যোতির্বিজ্ঞানের যন্ত্রপাতি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র চুলের নিদর্শন।

রাজধানীর কাছেই ব্রুনেই নদীর ওপর গড়ে উঠেছে ঐতিহাসিক জলপল্লি কাম্পং আয়ার। প্রায় ৩০টি গ্রাম নিয়ে গঠিত এ জনপদের ইতিহাস অন্তত ৬০০ বছরের পুরোনো। কাঠের খুঁটির ওপর নির্মিত বাড়িগুলো প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ সেতু ও হাঁটাপথে যুক্ত। নৌকায় কিংবা হেঁটে ঘুরে দেখা যায় এখানকার রঙিন বাড়িঘর, খাবারের দোকান ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা।

ব্রুনেই নদীতে নৌভ্রমণের সময় দেখা মিলতে পারে বোর্নিও দ্বীপের স্থানীয় নাকওয়ালা বানরসহ ম্যাকাক বানর, গুইসাপ, মাছরাঙা ও নানা প্রজাতির পাখির। স্থানীয় বাজারগুলোতেও পাওয়া যায় দেশটির জীবনযাত্রার পরিচয়। ব্রুনেইয়ের ঐতিহ্যবাহী খাবার আম্বুয়াত তৈরি হয় সাগু দিয়ে। আঠালো এ খাবার বাঁশের বিশেষ চামচে তুলে টক ও ঝাল সসের সঙ্গে খাওয়া হয়।

ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসেও দেশটির সংস্কৃতির বৈচিত্র্য ফুটে ওঠে। রমজান শেষে ঈদুল ফিতরে পরিবারগুলো অতিথিদের জন্য ঘরের দরজা খুলে দেয়। ২৩ ফেব্রুয়ারি জাতীয় দিবসে রাজধানীতে আয়োজন করা হয় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সোনালি-রুপালি সুতা দিয়ে বোনা ঐতিহ্যবাহী কাপড় ‘কাইন তেনুনান’ দেশটির সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

রাজধানী থেকে উপকূলের দিকে গেলে রয়েছে মুয়ারা ও মেরাগাংয়ের মতো সমুদ্রসৈকত। দেশটির জলসীমায় রয়েছে প্রবালপ্রাচীর, বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণী এবং ডুব দেওয়ার জন্য প্রায় ৩০টি জাহাজডুবির স্থান।

আরও পূর্বে তেমবুরং জেলায় অবস্থিত উলু তেমবুরং জাতীয় উদ্যান। ঘন বৃষ্টিবনে ঘেরা এ উদ্যানের বৃক্ষশীর্ষ সেতু থেকে দেখা যায় বিস্তীর্ণ সবুজ বনভূমি। এখানে নদী, জলপ্রপাত, কায়াকিং ও নদীতে ভেসে চলার সুযোগও রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে ব্রুনেই আলোকচিত্রী ও প্রকৃতিপ্রেমীদের কাছেও আকর্ষণীয়। ছোট্ট এই দেশটির বন, নদী, সমুদ্র ও বন্য প্রাণীর বৈচিত্র্য ভ্রমণপিপাসুদের জন্য তৈরি করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। সূত্র: সিএনএন।


ফিচার - বিভাগের আরো খবর
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত