প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ২:০২ এএম
সিডনি সুইনির গোসলের পানি দিয়ে তৈরি সাবান, বিক্রি হয়েছিল লাখ টাকায়তারকাদের প্রতি ভক্তদের আগ্রহ কখনো কখনো অদ্ভুত পর্যায়ে পৌঁছায়। প্রিয় অভিনেত্রীর ব্যবহৃত কোনো জিনিস সংগ্রহের আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয়েছিল ব্যতিক্রমী এক সাবান। হলিউড অভিনেত্রী সিডনি সুইনির গোসলের পানির কয়েক ফোঁটা ব্যবহার করে ২০২৫ সালে বাজারে আনা হয় সাবানটি। শুরুতে দাম ছিল মাত্র ৮ ডলার, তবে পরে রিসেল মার্কেটে সেটি বিক্রি হয় প্রায় ২ লাখ টাকায়।
সিডনি সুইনি ১৯৯৭ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত তিনি। এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’তে ক্যাসি হাওয়ার্ড চরিত্রে অভিনয়ের পর পরিচিতি বাড়ে তার। পরে ‘দ্য হোয়াইট লোটাস’ ও ‘অ্যানিওয়ান বাট ইউ’-এর মতো কাজের মাধ্যমে হলিউডে নিজের অবস্থান তৈরি করেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। পুরুষদের পরিচর্যাপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড. স্কোয়াচের একটি বিজ্ঞাপনে অংশ নেন সিডনি। বিজ্ঞাপনে তাকে বাথটাবে বসে প্রতিষ্ঠানটির বডি ওয়াশের প্রচার করতে দেখা যায়। সেখানে তিনি ছিলেন ‘বডি ওয়াশ জিনি’ চরিত্রে।
বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত মজা করে সিডনির গোসলের পানি চেয়ে মন্তব্য করেন। সেই অনলাইন রসিকতাকেই বিপণনের কৌশল হিসেবে কাজে লাগায় প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মে মাসে ঘোষণা দেওয়া হয়, অভিনেত্রীর গোসলের পানির সামান্য অংশ ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিশেষ সাবান। এর নাম রাখা হয় ‘সিডনিস বাথওয়াটার ব্লিস’।
সিডনি নিজেও জানান, বিজ্ঞাপনের শুটিংয়ের সময় বাথটাবের যে পানি সংগ্রহ করা হয়েছিল, তার কয়েক ফোঁটা সাবান তৈরিতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি কেবল প্রচারণামূলক নাম ছিল না; সাবানটিতে সত্যিই তার গোসলের পানির অংশ ছিল।
সাবানটিতে পানির পাশাপাশি ব্যবহার করা হয় বালুকণার মতো এক্সফোলিয়েটিং উপাদান ও পাইন বার্ক এক্সট্র্যাক্ট। এর সুগন্ধে ছিল পাইন, ডগলাস ফার ও মাটির সোঁদা ঘ্রাণ। সিডনির বেড়ে ওঠার অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলের প্রকৃতির আবহ তুলে ধরতেই এমন সুগন্ধ বেছে নেওয়া হয়েছিল।
২০২৫ সালের ৬ জুন যুক্তরাষ্ট্রের বাজারে সাবানটি বিক্রি শুরু হয়। প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছিল ৮ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার টাকা। সীমিত সংস্করণের এই সাবান তৈরি করা হয়েছিল মাত্র ৫ হাজারটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিক্রির পরপরই সাবানগুলো শেষ হয়ে যায়। পরে পুনর্বিক্রয় বাজারে একেকটি সাবানের দাম উঠে প্রায় ২ লাখ টাকায়। সূত্র: গালফ নিউজ, লস অ্যাঞ্জেলেস টাইমস।